|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে ‘সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন লীগ শুরু
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২৬
আরব আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে মাঠে গড়িয়েছে ‘সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন লীগ-২০২৬’। সিলেট বিভাগীয় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সিলেট বিভাগের চার জেলার প্রবাসী ফুটবল দলগুলো অংশগ্রহণ করছে।
গত শুক্রবার (২৯ মে) শারজাহের ওয়ান্ডারস স্পোর্টস ফুটবল গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সালেহ আহমদ সিআইপি ও সালেহ আহমদ তালুকদার।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত আল হারামাইন পারফিউমের কর্ণধার ও সিলেটের কৃতি সন্তান মাহতাবুর রহমান নাসির সিআইপি। বিশেষ অতিথি ছিলেন নাবদ আল এমিরেটস হিউম্যানিটেরিয়ান পাওনিয়ার গ্রুপের ডিরেক্টর আবু মূসা ও আয়োজক কমিটির উপদেষ্টা আলহাজ্ব জাওয়াদূর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, নজরুল ইসলাম, প্রকৌশলী আব্দুল কাইয়ূম, দেলোয়ার হোসেন চৌধুরী, হাজী শফিকুল ইসলাম, আব্দুল মতিন, মোহাম্মদ নাসিরুল হক, এস এম শাহ আলম, রুজেল তরফদার ও আজিজুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দল। মাঠজুড়ে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে হবিগঞ্জকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে মৌলভীবাজার টুর্নামেন্টে শুভসূচনা করেছে। দিনব্যাপী আক্রমণ ও পাল্টা-আক্রমণে ঠাসা এই ম্যাচটি মাঠে উপস্থিত প্রবাসী দর্শকদের দারুণভাবে আনন্দিত ও উদীপ্ত করে।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট ও সুনামগঞ্জ জেলা দল। দুই দলের রক্ষণভাগ ও মধ্যমাঠের লড়াইয়ে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
টুর্নামেন্টটির মূল উদ্দেশ্য সম্পর্কে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, “প্রবাসের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করা এবং ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম ও প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখতেই আমাদের এই আয়োজন।” টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও প্রবাসী ক্রীড়ামোদিদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে এমন সুন্দর ও সুস্থ ধারার আয়োজন একে অপরের সঙ্গে একতা ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে বড় ভূমিকা রাখবে। এছাড়া, এটি প্রবাসীদের দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে শরীরচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এদিকে টুর্নামেন্টের ৩য় খেলায় সিলেটকে ২-১ গোলে হারায় মৌলভীবাজার ও ৪র্থ খেলায় হবিগঞ্জ ১-১ গোলে ড্র করে সুনামগঞ্জের সাথে।
১ম রাউন্ডের পঞ্চম খেলা আজ মুখোমুখি হবে মৌলভীবাজার ও সুনামগঞ্জ এবং সর্বশেষ ম্যাচে সিলেট মুখোমুখি হবে হবিগঞ্জ জেলার।
টুর্নামেন্ট আয়োজক কমিটি জানান, সুন্দরভাবে ১ম ফাউন্ডের সমাপ্তি করে ফাইনাল খেলার দুটি টিম নির্ধারণ করে ফাইনালের তারিখ ঘোষনা করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.