বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুরাইয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশু সুরাইয়া ওই গ্রামের মো. সহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল সুরাইয়া। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা বুলি খাতুন।
দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।