|| ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
ইতালিতে বাংলাদেশি কর্মীদের স্টে পারমিট জটিলতা নিয়ে IOM’র সঙ্গে দূতাবাসের বৈঠক
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:
ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের স্টে পারমিট নবায়ন ও স্পন্সরভিত্তিক (নন-সিজনাল) কর্মী ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)-এর সঙ্গে বিশেষ বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস, ইতালি।
বৃহস্পতিবার (২১ মে) IOM-এর ইতালি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ থেকে স্পন্সর (নন-সিজনাল) ভিসায় ইতালিতে আসা এবং বর্তমানে স্টে পারমিট নবায়নে জটিলতায় পড়া কর্মীদের নানা সমস্যা ও ভোগান্তির বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ক্ষতিগ্রস্ত কর্মীরা স্টে পারমিট নবায়নে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা এবং প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা না পাওয়ার বিষয় তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর সমাধানের দাবি জানান।
বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি ও প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি প্রবাসী কর্মীদের বৈধতা ও কর্মসংস্থান রক্ষায় দূতাবাসের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় IOM প্রতিনিধিরা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করা, কর্মসংস্থান অব্যাহত রাখা এবং বৈধভাবে ইতালিতে অবস্থানের সুযোগ বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ দূতাবাস ও IOM-এর যৌথ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এ জটিলতার ইতিবাচক সমাধান দ্রুতই পাওয়া যাবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.