শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার সুরক্ষার লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'-এর জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের এই কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক অনুমোদিত (স্মারক নং ১০২, তারিখ: ২ এপ্রিল ২০১৮) এই সংগঠনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির অস্তিত্বের ভিত্তি। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা—সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।
এই লক্ষ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় বসবাসরত প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান, যারা দেশপ্রেম ও সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কমিটিতে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীদের অবশ্যই প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। আবেদনের সাথে প্রার্থীকে নিজের নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং পিতা অথবা মাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
যোগাযোগের ঠিকানা:
আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন:
সুনামগঞ্জে সংগঠনটিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।