মোঃ জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমনসহ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন এবং জনসাধারণকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে সবাইকে সর্বোচ্চ সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি ও প্রশাসন সংশ্লিষ্টরা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।