মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। একটি ব্রিজের অভাবে এই অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
শনিবার (২ মে ২০২৬) দুপুরে উপজেলার মির্জাপাড়া ও গোয়ালগ্রাম জকির মোড়ের পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চান্দার চর, ফুলবাড়ি, গোয়ালগ্রাম ও পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়দের দাবি, প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। নদীর ওপর স্থায়ী কোনো ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে গ্রামবাসীর নিজ উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ফলে জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, এলাকাবাসীর প্রতিনিধি আসাদুল হক ও আরিফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও একটি ব্রিজের অভাবে এই জনপদ শিক্ষা ও অর্থনীতিতে পিছিয়ে আছে। একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এই এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এলাকাবাসী দ্রুত জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।