নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে দুর্ধর্ষ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরণ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ২৫ বছর চীনে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। ২০২০ সালে বাবার মৃত্যুর পর দেশে ফিরে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হন এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি সপরিবারে রংপুরে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাঁর বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করার পর শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ:
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, আগুনে তাঁর বাড়ির নিচতলার প্রায় সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৩ লাখ টাকা, হীরার গহনা, ল্যাপটপ, ড্রোন, এইচডি ক্যামেরা, এলইডি টিভি এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ শিক্ষাগত ও পেশাগত নথিপত্র। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকারও বেশি।
প্রত্যক্ষদর্শীর বয়ান:
বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, ২৬ এপ্রিল রাতে আবহাওয়া খারাপ থাকায় সব কিছু বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকালে ধান মাড়াইয়ের শ্রমিকরা এসে বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
প্রশাসনের বক্তব্য:
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, তাই শত্রুতা বশত তাকে আতঙ্কিত করতে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।