|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কুড়িগ্রামে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৬
মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার ‘এগারো মাথা’ এলাকার একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে ট্রলি নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ধরলা সেতু পার হওয়ার কিছুদূর পর হঠাৎ বিকট শব্দে ট্রলিটির শকআপ ভেঙে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে চালক আতাউর রহমান নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.