|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রামগতিতে খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগতিতে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসল পাড়া সংলগ্ন একটি খাল থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় খালের পানির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম শনাক্ত করা হয়। পরবর্তীতে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটের দিকে ড্রামগুলো পানি থেকে উপরে তোলা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে। জব্দকৃত এই তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ, ভোলার একটি অসাধু চক্র নদীপথে অবৈধভাবে জ্বালানি তেল এনে এই এলাকায় মজুদ করে। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই এই তেল লুকিয়ে রাখা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রামগতি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং জব্দ তালিকা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.