|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ক্রাইমজোন হিসাবে খ্যাত কারখানা গ্রামে একটি প্রভাবশালী কর্তৃক সরকারী জায়গা জবরদখল করে দেয়াল নির্মাণ করেন৷ যার ফলে গ্রামবাসী তথা এলাকার সর্বস্তরের মানুষ চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃস্টি হয়। সরকারী খাস খতিয়ানের ভূমিতে দেয়াল নির্মাণ করেন প্রভাবশালী নামধার মিয়া ও তার লোকজন৷ এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী ভূমি কমিশনার প্রত্যয় হাসেম এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দেয়াল বুলডোজার দিয়ে সরকারি ১২ শতক ভূমি উন্মুক্ত করা হয়৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কারখানা মৌজায় জেএল নং ৪৩, ১নং খাস খতিয়ানের ৩০২ নং দাগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং ৩/২৪-২৫ এর আদেশ মোতাবেক সরকারি জায়গায় উচ্ছেদ পরিচালনা করা হয়। এ সময় ১নং সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধ সীমানার প্রাচীর স্থাপনা থাকায় স্থানীয় লোকজন সহ পথচারীদের সম্মুখে তা ভেঙ্গে দিয়ে ১২ শতক সরকারি জায়গার দখল বাংলাদেশ সরকার পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়। এ সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই কাদের এর নেতৃত্বে একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি টিম এ উচ্ছেদ অভিযানে সহায়তা প্রদান করেন।
এদিকে, উচ্ছেদ অভিযান শেষে প্রশাসন ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরপরই সাধারণ লোকজনের যাতায়াতের রাস্তার মাধ্যখানে বাঁশের বেড়া দিয়ে জনগণের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে৷
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.