|| ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
অবৈধ ইটভাটায় অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬
মোহাম্মদ মাসুদ রানা, নিলফামারী রিপোর্টার
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
অদ্য ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, নীলফামারীর যৌথ উদ্যোগে সৈয়দপুর উপজেলার মুশরত ধূলিয়া, খিয়ারজুম্মা এলাকায় অবস্থিত মোঃ রেজাউল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এস এস জেড ব্রিকস নামক অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ইটভাটাটিকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
এছাড়াও অনুমোদন ব্যতীত কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়, কিলনের আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে জেলা প্রশাসন, নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন নেতৃত্ব প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.