|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৬
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আতাউর রহমান সরকার
আপিল শুনানিতে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) বেলা ১০টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে ডা. মো. আব্দুল মোবিনের দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। শুনানি শেষে কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মোবিন বলেন,
“আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন। আমি মানুষকে সঙ্গে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক মডেল মতলব গড়ে তুলতে চাই।”
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন শুনানি শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানায়। ডা. মো. আব্দুল মোবিনের প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.