|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সড়ক সংস্কার না হওয়ায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
সুভাস দাস,,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট থেকে উপজেলা সড়ক হয়ে গরুরহাট বাঁধঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কার কাজ বন্ধ থাকায় সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে লাখো মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে মারাত্মক ভোগান্তি।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির কাজ শুরু করে মাঝপথে বন্ধ করে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
এতে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন হয়ে উঠছে বিপর্যস্ত।
এই দীর্ঘস্থায়ী সমস্যার প্রতিবাদ এবং দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্নের দাবিতে আজ ৩০ নভেম্বর ২০২৫, রবিবার সকাল ৯টায়
পটুয়াখালী সদর উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন” কর্মসূচি পালন করবে এলাকাবাসী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.