|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাঙামাটি তবলছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান ক্ষতিগ্রস্ত
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি,,।
রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি হর্টিকালচার সেন্টার সংলগ্ন নারিকেল বাগান এলাকায় একটি সেমিপাকা টিনসেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে রাঙামাটি ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ৩টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির পরপরই রাঙামাটি ফায়ার স্টেশনের দুটি ইউনিট (১ম কল পানিবাহী, ২য় কল টানা গাড়ি) ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৪টা ৫ মিনিটে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মাত্র ৫ মিনিটের মধ্যেই রাত ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৪টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা টিনসেড কাঠামোর একটি মোবাইল রিচার্জ দোকান ও একটি মুরগি বিক্রির দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে দোকান থেকে ৫ লক্ষ টাকার সমপরিমাণ মালামাল ও সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। কাঠের সিলিং থাকায় আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্রসহ দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
অভিযান শেষে ভোর ৫টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনে প্রত্যাবর্তন করে। পুরো অভিযানের নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ মুর্শিদুল ইসলাম।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.