|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
মো: রাকিব, জামালপুর প্রতিনিধি।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, এবং ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি) মহোদয়সহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা ও মূল্যায়ন করা হয়। আলোচনায় নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মনিটরিং; চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রাখা;
কিশোরগ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকা নিশ্চিত করা; ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ ও অগ্রগতি পর্যালোচনা;জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান জোরদার করা;
যৌন হয়রানি, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম আরও গতিশীল করা;
ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করা;সীমান্ত এলাকায় মাদক প্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি করা।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন— “মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। “আসন্ন ত্রয়োদশ ২০২৬ সালের জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র উত্তরণের এক ঐতিহাসিক মাইলফলক।”এ লক্ষ্যে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
এছাড়া, সভায় "শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫" ও "মহান বিজয় দিবস-২০২৫" যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.