|| ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁওয়ে দেহব্যবসা ও মাদক কারবার বন্ধে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫
হুমায়ুন কবির ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে মাদক ও দেহব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও এসব বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালিতলা ব্রিজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকার চিহ্নিত মাদক সম্রাট আইয়ুব আলী ও তার স্ত্রী আজিমা আক্তার সাথীর মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ও দেহব্যবসা পরিচালিত হচ্ছে। এর ফলে একদিকে এলাকার যুব সমাজ যেমন ধ্বংসের পথে চলে যাচ্ছে, অন্যদিকে এরকম ঘৃণিত অনৈতিক কর্মকাণ্ডে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করে বলেন, এদের দৌরাত্ম্যের কারণে এলাকার নারীরা বিশেষ করে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। ভয়-ভীতি ও অপকর্মের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থার দ্রুত অবসান ঘটাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরীও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।তিনি বলেন, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমাজ আজ ভয়াবহ হুমকির মুখে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ অপকর্ম রোধ করা সম্ভব। এসময় এলাকাবাসী দৃঢ় কণ্ঠে জানান, মাদক ও দেহব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। তাই প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.