|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজারহাটে মোবাইল কোর্ট পরিচালনায় সার বিক্রেতার জরিমানা
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশের সদস্যরা।
মোবাইল কোর্টে শাওন ট্রেডার্সের মালিক মোঃ ইউসুফ আলীকে কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশে জানানো হয়—সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনবেন না। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম দাবি করে বা সার বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তবে সরাসরি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিসারে অভিযোগ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “এখন আমরা ন্যায্যমূল্যে সার পাবো, এতে আমাদের উৎপাদন খরচ কিছুটা হলেও কমবে।” কেউ কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে আরও ঘন ঘন এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.