|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
উলিপুরের তিস্তার ভাঙ্গন রোধে নদী তীরে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে তিস্তার বেপরোয়া ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট এলাকার ভাঙ্গন কবলিত মানুষজন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম তিন আসনে জাপা মনোনীত প্রার্থী, সাফা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুস সোবহান। ওই এলাকার ভাঙ্গন কবলিত এবং ভাঙ্গনের মুখে থাকা শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন,সাতালস্কর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আবুল কালাম আজাদ, নুরুন্নবী সরকার, আমজাদ হোসেন, নুরনাহার বেগম, নাসরিন আক্তার, মোঃ আশরাফ আলী, মোজাফফর দফাদার
নয়ামিয়া, বাহাদুর ইসলাম প্রমুখ।
গত কয়েক দিনের ভাঙ্গনে মোফাজ্জল ও মজিবর রহমানের বাড়ি ভেঙে তিস্তায় বিলীন হয়ে যায়। ভাঙ্গনের মুখে রয়েছে, আব্দুল হান্নান, আশরাফুল ইসলাম, আব্বাস আলী, বাবলা, নাতিজার, মিলনসহ ১৫/২০ টি পরিবারের বাড়ি, দক্ষিণ সাদুয়া দামার হাট জামে মসজিদ, সাঁতালস্কর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু ফসলি জমি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রিলিফ চাইনা, নদী ভাঙ্গন প্রতিরোধ চাই।
বক্তারা বলেন, মাত্র ৪০০ মিটার জায়গায় পানি উন্নয়ন বোর্ড থেকে কোন প্রকার জিও ব্যাগ ফেলানো হয়নি।
ওই এলাকার দুই দিকেই জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধ করা হয়েছে।
অথচ ভাঙ্গন কবলিত এলাকার পাশেই পানি উন্নয়ন বোর্ডের বালুভর্তি জিও ব্যাগ মজুদ করে রাখা হয়েছে। সেগুলি এই ৪০০ মিটার এলাকায় ডাম্পিং করলেই ভাঙ্গুন রোধ করা সম্ভব।
মানববন্ধন থেকে বক্তারা অনতিবিলম্বে ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টি কামনা করেন। সেই সাথে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নরূপ জোর দাবি জানান বক্তারা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.