|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সাপহারে দোকানপাট ভাঙচুর এবং নগদ ১০লক্ষ্য অর্থ লুটে নেয়ার অভিযোগ
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২৫
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলা সদর মেইন রোডে একদল দুর্বৃত্ত কর্তৃক দোকানঘর ভাঙচুর, চাঁদাবাজি ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পবিত্র সাহা সাপাহার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়, গত সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে প্রায় ১০ থেকে ১২ জন নামীয় এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ বাজারের মেইন রোডে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের পাশে কয়েকটি দোকানঘরে হামলা চালায়। হামলাকারীরা দোকান থেকে ব্যবসায়ীদের বের করে দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানপাট ভাঙচুর করে এবং নগদ অর্থ লুটে নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলায় প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ৮ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এবিয়ষে অভিযোগে উল্লেখিত এক নম্বর বিবাদী তরিকুল ইসলাম স্বপন আনীত অভিযোগগুলো অস্বীকার করে বলেন," সেখানকার দোকানঘরের জায়গাগুলো আমাদের পুর্বপুরুষদের সম্পত্তি। যা আমরা আদালত থেকে রায় পাওয়ায় পর দোকানদারদের ঘর ছেড়ে দেওয়ায় জন্য সময় দেই। গতকাল গিয়ে দেখি তাঁরা দোকানঘরগুলো ছেড়ে না দিয়ে আগের মতোই আছে, আমরা সেই দোকানঘরগুলোতে তালা লাগিয়ে দিয়েছিলাম।"
এ ব্যাপারে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.