|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
নবীনগরে অতিরিক্ত মাল বোঝাই এর কারণে নৌকাডুবি
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌকাডুবে মা-ছেলে হতাহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলা সদরের তিতাস নদীতে এ নৌকাডুবি হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ তিতাস নদীর তীড়ে এসে ভীড় জমায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর সদর বাজার থেকে একটি মাল বোঝাই নৌকায় মাত্রাতিরিক্ত রড-সিমেন্ট ও সাপ্তাহিক বাজার নিয়ে উপজেলার উরখুলিয়া গ্রামের উদ্দেশে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উরখুলিয়া গ্রামের বিউটি বেগম (৩০) ও তার ছেলে হৃদয় কে (৩) নিয়ে গ্রামে যাচ্ছিলেন।
অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাটি ছেড়ে কিছুদূর গেলেই ডুবে যায়। সে সময় পুরুষেরা সাঁতরে নদীপাড়ে আসতে সক্ষম হলেও, বিউটি ও তার তিন বছর বয়সী সন্তান নৌকায় আটকা পড়ে।
পরে লোকজন বিউটি বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠাতে সক্ষম হলেও, শিশু সন্তান হৃদয় কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের এক নৌকার নীচে হৃদয়ের লাশ ভেসে উঠতে দেখে উদ্ধারকারীরা। এরপর দ্রুত হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশু হৃদয়কে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার রুখসানা খাতুন বলেন, 'হাসপাতালে আনার পর মা বিউটি বেগমকে বাঁচানো গেলেও, সন্তান হৃদয় কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, মাত্রাতিরিক্ত মাল বোঝাইয়ের কারনে এই নৌকা ডুবির ঘটনা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.