|| ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নকল সরবরাহের অপরাধে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড-DBO-news
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৩
কুড়িগ্রামের চিলমারীতে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১০ মে) উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
চিলমারী মডেল থানার ওসি মো. হারেসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মুসা মিয়া (২২)। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকার মহসিন আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে মুসা মিয়া আইন অমান্য করে কক্ষে নকল সরবরাহের উদ্দেশ্যে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করেন দায়িত্বরত পুলিশ সদস্য। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ওসি বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.