|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
ফেসবুকে পিস্তলের ছবি দেওয়া সেই কলেজছাত্র সোহরাব আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২২
নোয়াখালীর চাটখিলে ফেসবুক স্টোরিতে পিস্তলের ছবি দেওয়া সেই মোঃ সোহরাব হোসেন মাহি (২০) নামক এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ আগস্ট) রাতে তাকে পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রাম থেকে আটক করা হয়। মাহি ওই গ্রামের মোল্লা বাড়ির মৃত মোঃ সামছুল আলম মোল্লার ছেলে ও চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত সোহরাব হোসেন মাহি গত শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডির স্টোরিতে একটি বিদেশি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে নজরে এলে তদন্তে নামে পুলিশ। পরে বাড়িতে গিয়ে মাহিকে জিজ্ঞাসাবাদ করলে সে একেকবার একেক ধরনের তথ্য দেয়।
পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি প্রাথমিকভাবে সন্দেহজনক হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আটক করা হয়েছে। রোববার (৭ আগস্ট) অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।
অন্যদিকে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.