|| ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কনডেম সেলে মোবাইল ফোন চালাচ্ছেন ফাঁসির আসামি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২২
আলোচিত ৭ খুন মামলার ফাঁসির আসামি নূর হোসেন গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসেই মোবাইল ফোন চালাচ্ছেন। গত ৫ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কনডেম সেল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।
শনিবার ৮ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর কনডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনসহ তিন জন বন্দি রয়েছেন। নূর হোসেন কনডেম সেলে গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন বলে আমরা জানতে পারি। পরে তার কনডেম সেলে গত ৫ জানুয়ারি অভিযান চালানো হয় এ সময় ওই কনডেম সেল থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, কারাগারে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে কিভাবে কারাগারের ভেতর মোবাইল ফোন আনা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের তিনদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহকর্মী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা দায়ের করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.